শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন




পণ্যের দাম একবার বাড়লে আর কমে না, সেটা চলবে না: বাণিজ্য উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫০ pm
অর্থ উপদেষ্টা governor Salahuddin Ahmed DR. SALEHUDDIN গভর্নর সালেহউদ্দিন আহমেদ অর্থনীতিবিদ
file pic

বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশাব্যাঞ্জক না। তবে বাজার যেন আরও সুখকর হয় সে জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না, সেটা চলতে দেওয়া হবে না।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে। বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সহজে কমতে চায় না, সময় লাগে।

পোল্ট্রি খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কি আলোচনা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ডিম ও মাংস উৎপাদনকারীদের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে আমরা বলেছি সেগুলো দেখব। ট্যাক্স ও ট্যারিফ এর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উৎপাদক পর্যায়ে ১৮৫ টাকার সোনালি মুরগি ঢাকায় ২৪০ টাকায় বিক্রি হচ্ছে বিষয়টি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কৃষি বিপণন অধিদপ্তর এখন থেকে নিয়মিত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে। ভোক্তা অধিকার অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশন বাজার মনিটরিং করবে। উৎপাদনকারীরা বলেছেন, তারা উৎপাদন বাড়াবেন। আবার বিপণনেরও কিছু মিস ম্যানেজমেন্ট রয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে।

জ্বালানি তেলের দাম ইতোমধ্যে কমেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের বলেছি, পরিবহন ব্যয় কমবে- অন্যান্য ব্যয়ও কমবে সেটা আপনাদের উৎপাদিত পণ্যে রিফ্লেক্ট করেন।

ডিম ও পোল্ট্রি খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণে কি করেছেন এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, মানুষ চেষ্টা করবে একটু বেশি দামে বিক্রি করতে। কিন্তু এখন আর সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না।

এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেয়াজুল হকসহ দেশের পোল্ট্রি খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD