বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তপক্ষ।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
“তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুকান্ত পাল জানান, তার হাসপাতালে মোট ৬ জনকে নেওয়া হয়েছিল।
“তাদের মধ্যে চারজন আগেই মারা গেছেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মেহনাজ মোশাররফ বলেন, রামপালের দুর্ঘটনায় হতাহত ১১ জনকে তাদের হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়।
চিকিসাধীন বাকি তিনজনের মধ্যে আরো একজন পরে মারা যান বলে এই চিকিৎসক জানান।
হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।