ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালির অচলাবস্থা দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসে ট্রাম্প ইরানের প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
এর আগে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবে চলমান সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে লেভিট জানায়, প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ব নির্ধারিত মূল শর্তে কোনো পরিবর্তন আসেনি।
এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে চালিয়ে যেতে আগ্রহী নয়।
সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এগুলো অত্যন্ত স্পর্শকাতর কূটনৈতিক বিষয়, তাই যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মধ্য দিয়ে কোনো দরকষাকষি করবে না।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত পরিষ্কার—যুক্তরাষ্ট্র এই আলোচনার নাটাই নিজের হাতে রেখেছে। আমেরিকান জনগণের স্বার্থকে সবার আগে রেখে এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই কেবল কোনো চুক্তিতে পৌঁছাবে ওয়াশিংটন।
(যুগান্তর)