লুসাইল স্টেডিয়ামের সেই স্মরণীয় রাত সাদা-আকাশি জার্সির উল্লাস, লিওনেল মেসির হাতে ওঠা বিশ্বকাপ ট্রফি সব স্মৃতি আবারও ভেসে উঠছে ফুটবলপ্রেমীদের মনে। ২০২২ সালের সেই সোনালি অর্জনের পর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা কি আবারও শিরোপা ধরে রাখতে পারবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে। তবে উত্তরটা এখনো সময়ের গর্ভেই রয়ে গেছে।
১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বমঞ্চের এই আসর ঘিরে যেমন সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়ছে, তেমনি ফুটবলাররাও নিজেদের ভাবনা প্রকাশ করছেন আসন্ন প্রতিযোগিতা নিয়ে।
এই প্রসঙ্গে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি দল আর্জেন্টিনার চেয়েও বেশি শক্তিশালী অবস্থানে থেকে মাঠে নামতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপের সম্ভাব্য ফেবারিট দল নিয়েও নিজের মত তুলে ধরেন।
মেসি বিশেষভাবে গতবারের রানার্সআপ ফ্রান্সকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে উল্লেখ করেন। তার মতে, দলে থাকা টপ-লেভেলের খেলোয়াড়দের কারণে ফ্রান্স এবারও বড় শক্তি হিসেবে থাকবে। তিনি বলেন, এখন অনেক দলই আর্জেন্টিনার চেয়ে ভালো ছন্দে আছে এবং ফেবারিট হিসেবে এগিয়ে থাকবে।
স্পেন, ব্রাজিল ও পর্তুগালকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন আর্জেন্টাইন এই তারকা। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের উন্নতি স্পষ্ট। অন্যদিকে ব্রাজিল কিছুটা কঠিন সময় পার করলেও তারা সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার।
পর্তুগাল নিয়েও ইতিবাচক ধারণা দিয়েছেন মেসি। তার মতে, দলটি এখন বেশ প্রতিযোগিতামূলক এবং যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবে। তবে একই সঙ্গে এটিও আলোচনা হচ্ছে যে, এটি হতে পারে মেসির শেষ বিশ্বকাপ মঞ্চ। ফলে এই আসরকে ঘিরে বাড়তি আবেগ ও প্রত্যাশা তৈরি হয়েছে ফুটবল বিশ্বে।