দেশের ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এবং অন্যত্র জায়গায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের অন্য অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকতে পারে।
(যুগান্তর)