বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন




ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা, কারণ কী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১০:২৫ am
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা
file pic

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে থাকা একটি বিখ্যাত তিমির দেয়ালচিত্র মুছে ফেলার ঘটনায় বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধে মামলা করেছেন শিল্পী রবার্ট ওয়াইল্যান্ড। ক্ষতিপূরণ হিসেবে তিনি অন্তত ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দাবি করেছেন।

সোমবার ডালাস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় ওয়াইল্যান্ড অভিযোগ করেন, বিশ্বকাপের স্থানীয় আয়োজক, ভবনের মালিক ও পরিচালনাকারীরা তার অনুমতি ছাড়াই এবং কোনো পূর্ব নোটিশ না দিয়েই দেয়ালচিত্রটির ওপর নতুন রং করে সেটি নষ্ট করেছে।

ডালাসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভবনের দুই পাশজুড়ে প্রায় ১ হাজার ৫৮০ বর্গমিটার জায়গা জুড়ে আঁকা তিমির এই বিশাল চিত্রকর্মটি ১৯৯৯ সালে সম্পন্ন হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে এটি শহরের পরিচিত এক শিল্পনিদর্শন হিসেবে টিকে ছিল। তবে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে নতুন শিল্পকর্ম স্থাপনের প্রস্তুতির অংশ হিসেবে দেয়ালটি পুনরায় রং করা হয়।

মামলায় ওয়াইল্যান্ড দাবি করেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ১৯৯০ সালের ‘ভিজ্যুয়াল আর্টিস্ট রাইটস অ্যাক্ট’ লঙ্ঘন করেছে। এই আইন শিল্পীদের স্বীকৃত ও গুরুত্বপূর্ণ শিল্পকর্মকে ধ্বংস, বিকৃতি বা অননুমোদিত পরিবর্তন থেকে সুরক্ষা দেয়, এমনকি শিল্পকর্মটির মালিকানা অন্য কারও হাতে থাকলেও।

মামলার নথিতে বলা হয়েছে, বিশ্বকাপের প্রচারণার স্বার্থে ফিফা ও সংশ্লিষ্ট পক্ষগুলো তাড়াহুড়ো করে একটি গুরুত্বপূর্ণ নাগরিক শিল্প ঐতিহ্য স্থায়ীভাবে নষ্ট করেছে।

অন্যদিকে, ডালাসের স্থানীয় আয়োজক কমিটি জানিয়েছে, ওই স্থানে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে একটি নতুন শিল্পকর্ম স্থাপন করা হবে, যেখানে টুর্নামেন্টের ঐতিহাসিক গুরুত্ব, বৈশ্বিক সংযোগ ও উৎসবমুখর পরিবেশ তুলে ধরা হবে। তারা আরও জানিয়েছে, পুরোনো দেয়ালচিত্রের একটি অংশ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

এদিকে ফিফার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় সংস্থাটির কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই।

ভবনটি পরিচালনাকারী প্রতিষ্ঠান স্লেট অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, স্থানীয় বিশ্বকাপ আয়োজকেরা মার্চ মাসে নতুন জনসাধারণের শিল্পকর্ম স্থাপনের জন্য দেয়াল ব্যবহারের অনুমতি চেয়েছিল। প্রতিষ্ঠানটির দাবি, তারা এ সিদ্ধান্তের বিনিময়ে কোনো অর্থনৈতিক সুবিধা পায়নি এবং আয়োজকেরা তাদের জানিয়েছিল যে শিল্পীকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তবে ওয়াইল্যান্ডের বক্তব্য, তাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। এখন আদালতের শুনানির মাধ্যমে এই বিরোধের আইনি নিষ্পত্তি হবে।

সূত্র: আলজাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD