মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন




দুই সপ্তাহের চূড়া ছুঁয়েই কমল স্বর্ণের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১১:০৬ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

ভূরাজনৈতিক উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের অপেক্ষায় স্বর্ণের দাম বেড়েছিল। দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান স্পর্শ করার পরই মূল্যবান ধাতুটির দরপতন দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেডের প্রভাবে কমেছে স্বর্ণের দাম।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪,১৩৮.৩২ ডলারে নেমে আসে স্বর্ণের দাম। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৪ শতাংশ কমে ৪,১৪৯.৯০ ডলারে লেনদেন হয়।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, গত সপ্তাহের ধারাবাহিকতায় স্বর্ণের বাজার এখন একটি সমর্থন স্তর (সাপোর্ট লেভেল) তৈরি করছে। তবে বাজার মূলত ফেডের বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছে, যাতে স্বল্পমেয়াদি সুদের হার নিয়ে ফেড কী ভাবছে, সে বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়।

চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শের প্রথম বৈঠকে ভবিষ্যতে সুদের হার কীভাবে সমন্বয় করা হতে পারে, সে বিষয়ে আগের মতো স্পষ্ট ইঙ্গিত রাখা হয়নি। তার মতে, আগাম নির্দিষ্ট দিকনির্দেশনা দিলে নতুন অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নমনীয়তা কমে যেতে পারে।

চলতি বছরের শুরুতে রেকর্ড উচ্চতায় ওঠার পর স্বর্ণের দাম ইতোমধ্যে ২৫ শতাংশেরও বেশি কমেছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ, ডলারের শক্তিশালী হওয়া এবং সুদের হার বাড়তে পারে—এমন প্রত্যাশায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছিল।

তবে সোমবার স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। যুদ্ধবিরতির চুক্তির ফলে মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা কমে আসে। পাশাপাশি গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন বাজারে স্বল্পমেয়াদে সুদের হার বাড়ার সম্ভাবনাও কমিয়ে দেয়।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, এখন বাজারে সেপ্টেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ধরা হচ্ছে প্রায় ৫৬ শতাংশ, যা কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ৬০ শতাংশেরও বেশি ছিল। সাধারণত সুদের হার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে, স্পট সিলভারের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬১.৪৮ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ কমে ১,৬২৯.৪৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১,২৭২.৮৫ ডলারে পৌঁছেছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD