বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন




বিদেশে আওয়ামী লীগ আর দেশে বিএনপির কারণে শান্তি পাচ্ছে না মানুষ: নাহিদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৪:৫৯ pm
Adviser Nahid Islam আইসিটি উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম
file pic

বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে দেশের মানুষ শান্তি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি। এখন স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।

মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। একসময় যারা অর্থ পাচার করেছিলেন, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সবাইকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো ধরনের পক্ষপাত না করে আইন ও বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের প্রত্যাশা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনসাধারণের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা, সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন। সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিকশক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন, জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD