বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন




সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ pm
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

দেশকে অস্থিতিশীল করতে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তবে সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কের বিমানবন্দরে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে ও বিদেশে বসে যারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ এসব চক্রান্তকারীদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

অসহায় মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং অসচ্ছল পরিবারের সচ্ছলতা ফেরাতে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছেন। অসহায় মানুষের জন্য ভাতা কার্ড দেয়া হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে জ্বালানিসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করছে। শিগগিরই সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হয়। পাশাপাশি ১০টি সেলাই মেশিন এবং চারজন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াবা ইউসুফ।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন, মোস্তফা কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD