মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন




ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ দমনে সরকারের ব্যর্থতার নিন্দা জামায়াতের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৫:৩০ pm
গোলাম পরওয়ার Mia Golam Parwar মিয়া গোলাম পরওয়ার Secretary General Jamaat-e-Islami জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জামায়াত
file pic

সারাদেশে পতিত ফ্যাসিস্টদের দ্বারা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসীদের দমনে সরকারের ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইমলামী। মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট ও আওয়ামী সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা তা দমনে ব্যর্থ হচ্ছে। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীকে মোকাবিলা করতে না পারা এবং সকল সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

গোলাম পরওয়ার বলেন, ‘সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট, আদালতের সামনে সহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহন এবং সিআইড কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি, যা খুবই উদ্বেগের। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ মিছিল থেকে থেকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং ফরিদপুরে বাসে দেওয়া আগুনে কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যু হয়েছে, যা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের নারকীয়কাণ্ডকে স্মরণ করিয়ে দেয়।’

আরও বলা হয়, ‘চব্বিশের জুলাই বিপ্লবের পর জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা এবং সংবিধান সংস্কার ও রাষ্ট্র কাঠামোয় সংস্কার না করার ফলে ফ্যাসিস্টরা এমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে। পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের বিস্ময়কর নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো ফ্যাসিস্টদের পক্ষে সম্ভব নয়। এজন্য বিএনপি সরকার এসব সন্ত্রাসী কার্যক্রমের দায় এড়াতে পারে না।’

গোলাম পরওয়ার বলেন, ‘দেশের স্থিতিশীলতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল বিরোধীদল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার প্রতিষ্ঠায় নানাভাবে সমালোচনা, সহযোগিতা ও পরামর্শ দিলেও তাতে কর্ণপাত করছে না বিএনপি সরকার। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট আরও গভীর হয়েছে।’

জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতায় সৃষ্ট সংকট বিরোধীদলের ওপর চাপানোর অপকৌশল নিয়ে এগোচ্ছে উল্লেখ করে আরও বলেন, ‘দেশে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধীদলের ওপর চাপানোর সরকারের দুরভিসন্ধিমূলক মনোবাসনা পূরণ হবে না। আমরা মনে করি, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা, বিস্ফোরণ সরকারকে কঠোর হাতে দমন করতে হবে। তা না হলে এর ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD