বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন




ভারতের একতরফা পানি প্রত্যাহার

কমছে রংপুর বিভাগের ৪৫ নদীর নাব্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১০:০৭ am
Villagers are making bamboo poles বাশের বাঁশের সাঁকো পুল বাঁশ সাকো পুল সাকো রংপুর
file pic

রংপুর বিভাগের আট জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ৪৫টি নদ-নদীর নাব্য ক্রমান্বয়ে কমছে। এ কারণে ব্রহ্মপুত্র, ছোট যমুনা, ইছামতি, টেপা, করতোয়া, মহানন্দা, তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট দুধকুমার, ধরলাসহ অন্যান্য নদ-নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। পানি না থাকায় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ছয় শতাধিক ঘাট। এর বিরূপ প্রভাব পড়েছে নদীর ওপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকায়।

হাজার হাজার জেলে ও মাঝি কর্মহীন হয়ে পড়েছেন। জীবিকার তাগিদে তারা পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। কেউ ছুটছেন শহরে, কেউবা রিকশা-ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন। অনেকে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। নৌপথ বন্ধ থাকায় যাতায়াতে তীব্র ভোগান্তি পোহাচ্ছেন এই অঞ্চলের মানুষ। পণ্য পরিবহণেও বেড়ে গেছে খরচ। বিশেষজ্ঞরা বলছেন, উজানে ভারতের একতরফা পানি প্রত্যাহার, নদীতে পলি জমা ও ড্রেজিং না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দ্রুত উদ্যোগ না নিলে নদ-নদীগুলো বাঁচানো যাবে না।

প্রতি বছর নভেম্বর এলে নদ-নদীর বুকে চর দেখা যায়। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে চর জেগে ওঠে। ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরের কারণে রৌমারী-রমনা রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পানি না থাকায় তিস্তায় সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী সেতু এখন চরের ওপর দাঁড়িয়ে আছে। যতদিন বৃষ্টির দেখা নেই, ততদিন এ অবস্থা বিরাজ করবে। এপ্রিল-মে মাসে বৃষ্টি হলে নদ-নদীগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পায়।

রংপুরের তিস্তার বুকে গঙ্গাচড়া উপজেলার ৭টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর জীবন-জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল। লক্ষ্মীটারী ইউনিয়নের বাসিন্দা শামছুল আলমসহ কয়েকজন জানান, আগে মাঝিরা নৌকা চালিয়ে এবং জেলেরা মাছ ধরে সংসার চালাতেন। তারা এখন নিরুপায়। নদীতে মাছ নেই। নৌকাও চালানো যাচ্ছে না। খেয়াঘাট বন্ধ। তাই অনেকে রিকশা-ভ্যান চালাচ্ছেন।

কুড়িগ্রাম জেলা পরিষদ সূত্র জানায়, লালমনিরহাট ও কুড়িগ্রামের ধরলা, তিস্তা, সতী, রতনাই, স্বর্ণামতী, বটেশ্বরী, সিংগীমারী, বুড়ি তিস্তা মালদাহা, গিদারীসহ ২৫টি নদ-নদীতে ঘাট আছে ২০০টি। প্রতি বছর এসব ঘাট ইজারা দেওয়া হয়। এখান থেকে প্রাপ্ত রাজস্ব স্থানীয় উন্নয়ন কাজে ব্যবহার হয়। প্রতিটি ঘাটে মাঝি আছেন ৬ থেকে ১৫ জন। এখন নদীতে পানি নেই। তাই ঘাটগুলোর গুরুত্ব কমে গেছে। হাতে গোনা কয়েকটি ঘাট চালু আছে। বাকিগুলো বন্ধ থাকায় মাঝিরা কর্মহীন।

রাজারহাটের কাঁঠালবাড়ীর ধরলার কাউয়াহাগা ঘাটের মাঝি শমসের আলী ও আলীয়ার রহমান বলেন, ‘নদীতে চর জেগে ওঠায় নৌকা চালাতে হচ্ছে অনেক পথ ঘুরে। এতে সময় বেশি লাগছে। তাই ঘাটে লোকজন আসে না। আমাদের আয়ও কমে গেছে।’

উলিপুর উপজেলার হাতিয়া দাসপাড়া গ্রামের জেলে হরিহর চন্দ্র মাঝি বলেন, ‘নদী এখন মরে গেছে। মাছও পাওয়া যায় না। বড় কষ্টে আছি।’

দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ইছামতি ও টাঙ্গন এবং ঠাকুরগাঁও জেলার শুক, কলিগ, নাগর নদীতে চর জেগে উঠছে। পঞ্চগড়ের করতোয়া ও মহানন্দার নাব্য কমে গেছে। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ৩ শতাধিক ঘাট বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় দুই হাজার মাঝি পরিবার ও চার হাজার জেলে পরিবার সংকটে পড়েছে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ বলেন, ‘কয়েক বছর ধরে জেলেরা কাজের সংকটে ভুগছেন। পলি জমায় শুষ্ক মৌসুমে নদ-নদীতে পানি থাকছে না। জেলেরা ছোটবেলা থেকে জাল দিয়ে মাছ ধরতে অভ্যস্ত। হঠাৎ পেশা বদল করে তারা ঠিকমতো সংসার চালাতে পারছেন না’।

পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহা. সরফরাজ বান্দা জানান, নদ-নদীগুলো নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। তিস্তা নদীর পানি ভারত একতরফা প্রত্যাহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যান্য নদ-নদীরও রুগ্ণদশা। ড্রেজিংয়ের মাধ্যমে চরের পলি অপসারণ করে নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য পরিকল্পনা প্রণয়ন, জরিপ ও তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে।

এ বিষয়ে রিভারাইন পিপলের পরিচালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, এসব নদ-নদীর উৎস ভারতে। কূটনৈতিক উদ্যোগ নিয়ে ভারতের কাছ থেকে পানির হিস্যা বুঝে নিতে না পারলে নদ-নদীগুলো বাঁচানো যাবে না। ভারত থেকে যে পরিমাণ পানি বাংলাদেশে আসে, এর ৭০ ভাগ আসে রংপুর বিভাগের নদ-নদীগুলো দিয়ে। বর্তমানে এসব নদ-নদীর অবস্থা খুবই করুণ। বিলুপ্তির পথে শতাধিক। নদীগুলো হারিয়ে গেলে কৃষি অর্থনীতি ও জীববৈচিত্র্য হারিয়ে যাবে। এ অঞ্চলের মানুষ পড়বে চরম সংকটে। তাই নদীগুলো বাঁচাতে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD