যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এর ফলে সংস্থাটির সদর দপ্তরে অধিকাংশ কর্মীর প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক সচল করতে কাজ চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট বিষয়ে অবগত ছয় ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এনএসএর অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কটির নাম এনএসএনেট। সংস্থাটির কর্মীরা এর মাধ্যমে নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ার পর মঙ্গলবার রাতে মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএর সদর দপ্তরে শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে সমস্যা সমাধানের জন্য কর্মীদের দফায় দফায় অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সবাইকে নিয়মিত কাজে ফেরার অনুমতি দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও কর্মীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এনএসএর এক বিবৃতিতে বলা হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে তাদের কিছু ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। তবে গুরুত্বপূর্ণ কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষার সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত রক্ষণাবেক্ষণ কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কার্যক্রম চালু রাখতে তাদের অবকাঠামোয় একাধিক বিকল্প ব্যবস্থা রয়েছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন জানান, সফটওয়্যারের বড় ধরনের নিরাপত্তা দুর্বলতা দূর করতে প্যাচ বা সংশোধনী প্রয়োগের সময় এ সমস্যা তৈরি হয়েছে। গত মাসে শনাক্ত হওয়া পিএইচপি প্রোগ্রামিং ভাষার কয়েকটি দুর্বলতা মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লেটন বলেন, সফটওয়্যারের নিরাপত্তা প্যাচ প্রয়োগের পর কিছু ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী পুনরায় চালু হয়নি। এনএসএর নেটওয়ার্কে সমস্যার পেছনে এটিই কারণ।
পিএইচপি বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে ব্যবহৃত হয়। এর নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ এবং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় গবেষকেরা এসব দুর্বলতা কাজে লাগানোর পদ্ধতি শনাক্ত করার পর বিশ্বজুড়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা জোরদারে তৎপর হয়।
এদিকে এনএসএর নেটওয়ার্ক অচল থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক দুই মার্কিন কর্মকর্তা। তাদের ভাষ্য, নিরাপদ যোগাযোগের জন্য সরকারের একাধিক বিকল্প নেটওয়ার্ক রয়েছে।
সাবেক এক জ্যেষ্ঠ এনএসএ কর্মকর্তা সিএনএনকে বলেন, নেটওয়ার্কটির বিভিন্ন স্তরে বিকল্প ব্যবস্থা থাকায় পুরো যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়ার সম্ভাবনা কম। তবে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির কাজে প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটির এই প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়। সোমবার জেপি মরগান চেজ ব্যাংকের হাজার হাজার গ্রাহকও অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যার কথা জানান।
এসব ঘটনার কোনোটির সঙ্গেই সাইবার হামলার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় ত্রুটি কীভাবে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, তা নতুন করে সামনে এনেছে ঘটনাগুলো।
(যুগান্তর)