যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বেড়ে যাওয়ার খবরে দাম কমলেও সরবরাহ সংকটের আশঙ্কা বড় পতন ঠেকিয়ে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা ০.১৭ শতাংশ কমেছে। এতে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৯৮ সেন্টে নেমে আসে তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে ৮৫ ডলার ৪৫ সেন্টে। আগের তুলনায় এটি ৫৬ সেন্ট বা ০.৬৫ শতাংশ কম।
বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বেড়েছে ৫২ লাখ ৮০ হাজার ব্যারেল। একই সময়ে পেট্রোলের মজুত বেড়েছে ৫১ লাখ ২০ হাজার ব্যারেল এবং ডিজেলসহ অন্যান্য পাতনজাত জ্বালানির মজুত বেড়েছে ৩ লাখ ৫১ হাজার ব্যারেল। যুক্তরাষ্ট্রের আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। মঙ্গলবার ইরানি ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থায় হামলা চালায়। জবাবে ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বুধবার বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশটিকে লক্ষ্য করে চালানো ইরানের আকাশপথের হামলা প্রতিহত করা হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজির বিশ্লেষকেরা বলছেন, বিকল্প পথে আঞ্চলিক তেল সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
এর মধ্যেই ইরানপন্থি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের দুটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে পাঁচটি ড্রোন ছুড়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল রপ্তানির জন্য সৌদি আরব এই পাইপলাইন ব্যবহার করছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে তেলের মজুত বৃদ্ধি দাম কমানোর চাপ তৈরি করলেও মধ্যপ্রাচ্যের সংঘাত ও গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বিশ্ববাজারে তেলের দামকে এখনো চড়া অবস্থানে রেখেছে।
(যুগান্তর)