শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন




বাংলাদেশের শিক্ষা খাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ২:০৯ pm
adb Asian Development Bank এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি
file pic

আগামী তিন বছরে বাংলাদেশের শিক্ষা খাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

শুক্রবার (২৫ নভেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার মধ্যে এক বৈঠকে বিষয়টি জানানো হয়।

শনিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ফিলিপাইন সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত শুক্রবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে তার অফিসে বৈঠক করেছেন। বৈঠকে শিক্ষামন্ত্রী ও এডিবি সভাপতি এডিবির অর্থায়নে বাংলাদেশের শিক্ষা খাতে চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শিক্ষা খাতে এডিবির অর্থায়নে ভবিষ্যৎ প্রকল্পের বিষয়েও আলোচনা করেন।

এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া শিক্ষামন্ত্রীকে গুসি শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য তাকে অভিনন্দন জানান।

এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া সামাজিক খাত, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি ও অর্জনের প্রশংসা করেন। মানসম্মত শিক্ষায় সব শিশুর সমান সুযোগ-সুবিধা, শিক্ষা খাতে প্রযুক্তির পরিবর্তন এবং উন্নয়নে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর জোর দেন তিনি। দেশীয় সম্পদ বৃদ্ধির কথাও উল্লেখ করেন এডিবি প্রেসিডেন্ট।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশনে (আইএফএফইডি) চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এডিবি আগামী তিন বছরে বাংলাদেশের শিক্ষা খাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ ও এডিবির মধ্যে সহযোগিতা জোরদার হবে।

এর আগে, এডিবি আয়োজিত ‘কোভিড-১৯ স্কুল বন্ধ থেকে শেখার ক্ষতি পুনরুদ্ধার করার উপায়’ শীর্ষক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী। ‘আইএফএফইড (শিক্ষার জন্য আন্তর্জাতিক অর্থ সুবিধা) উদ্যোগ এবং এডিবি শিক্ষা খাতের দিকনির্দেশনামূলক নির্দেশিকা’ এবং ‘কৌশলগত থ্রাস্টস’ নিয়ে আলোচনা করেন।

গত ২৪ নভেম্বর এডিবি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ শিক্ষা সেক্টর অপারেশনের জন্য ডা. দীপু মনি কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশে যথেষ্ট সহায়তার জন্য বিশেষ করে বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সংগ্রহে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান।

শিক্ষামন্ত্রী এডিবির অবদানের কথা স্বীকার করে বলেন, বাংলাদেশ সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে বাংলাদেশে আইসিটি এবং কারিগরি শিক্ষায় এডিবির আরও সহায়তা প্রয়োজন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD