আর্জেন্টিনার বিশ্ব জয়ের রেশ এখনও রয়ে গেছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার আসরে অংশগ্রহণ। শুরুতেই সৌদি আরবের কাছে হার। বাজে সূচনার পর একে একে সব চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে শিরোপা জয়। লিওনেল মেসিদের ‘থ্রি স্টার’ মিশন এখনও সিনেমার দৃশ্যের মতো জমে আছে ফুটবলপ্রেমীদের মগজে। বিশ্বকাপ ফাইনালের দেড় মাস কেটে গেলেও এখনো সমর্থকদের মুখে মুখে মেসি-ডি মারিয়াদের নিয়ে গড়া আত্মবিশ্বাসী এক স্কোয়াডের গল্প। বিশ্বকাপ ফাইনালের পর সেই নান্দনিক দলের খেলা দেখা যাবে আগামী মার্চে। দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
বছরের শুরুতেই প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে তখনও প্রতিপক্ষ নির্দিষ্ট ছিল না। এবার এক রাইভালের নাম প্রকাশিত হয়েছে।
দু’টি প্রীতি ম্যাচের একটিতে পানামার মোকাবিলা করবে আর্জেন্টিনা। খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ‘মার্চে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয় উদ্যাপনের ম্যাচ দু’টোই হবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দু’টি দলের সঙ্গে।’ টিএনটি স্পোর্টসের বরাত দিয়ে মুন্দো আলবিসেলেস্তে জানায়, মার্চে হতে চলা সেই ম্যাচ দু’টির একটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ পানামা। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ৬১তম স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। আগামী ২১ থেকে ২৮শে মার্চের মধ্যে হবে সেই ম্যাচ।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রীতি ম্যাচগুলো আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আয়োজিত হবে। আর্জেন্টাইন ফুটবলের সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘সমর্থকদের সামনে বিশ্বকাপ জয় উদযাপন করতে ম্যাচ দু’টি আয়োজন করছে এএফএ।’