কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। তবে বিশ্বকাপ জেতা লিওনেল মেসির সামনে গোল্ডেন বুট জয় সন্তুষ্ট করতে পারেনি ফরাসি ফরোয়ার্ডকে। বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ডেন বুট জয়ী মেসির সঙ্গে দাঁড়িয়ে বেজায় মন খারাপ দেখা যায় এমবাপ্পেকে। আরও একটি প্রতিদ্বন্দ্বিতায় ক্লাব সতীর্থের কাছে পরাস্ত হলেন কিলিয়ান। তবে এবার আর্জেন্টাইন সুপারস্টারের সাফল্যে নাখোশ হননি এমবাপ্পে। প্রিয় বন্ধু মেসিকে অভিবাদন জানিয়ে মেনে নেন তার শ্রেষ্ঠত্ব।
ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে লিওনেল মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল কিলিয়ান এমবাপ্পেকে। ভোটাভুটিতে হয়েছেও তাই। মাত্র ৮ পয়েন্টের জন্য মেসির কাছে শ্রেষ্ঠত্ব হারান এমবাপ্পে। ৫২ ভোট পেয়ে সেরা নির্বাচিত হন মেসি। এমবাপ্পে পান ৪৪ ভোট।
৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হন করিম বেনজেমা। প্যারিসে দ্য বেস্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন এমবাপ্পে ও মেসি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যখন মেসির নাম ঘোষণা করলেন, পাশের চেয়ারে বসা এমবাপ্পের দিকে তাকান মেসি। এরপর মেসির সঙ্গে হাত মেলান এমবাপ্পে। অর্থাৎ, মঞ্চে ওঠার আগে প্রথম অভিনন্দনটা এমবাপ্পের কাছেই পান মেসি। এখানেই শেষ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থকে সেরা বলেছেন এমবাপ্পে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফরাসি ফরোয়ার্ড লিখেন, ‘লিও মেসিকে অনেক অভিনন্দন। তুমিই সেরা।’
মেসিকে প্রশংসায় ভাসালেও এমবাপ্পে অবশ্য আর্জেন্টাইন অধিনায়কের প্রথম ভোটটি পাননি। মেসি প্রথম ভোটটি দিয়েছেন ক্লাব সতীর্থ এবং প্রিয় বন্ধু নেইমারকে। দ্বিতীয় ভোটটি অবশ্য এমবাপ্পেকেই দেন মেসি।