বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন




স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৮:৩৮ pm
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia
file pic

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকার এ হাসপাতালে তিনি পৌঁছান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে শারীরিক চেকআপ করতে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে এসেছেন। কয়েকটি পরীক্ষা করতে সময় লাগবে। সেজন্য ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন আছেন।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান।

গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন রওনা হওয়ার সময়ে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, কামরুজ্জামান রতন, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি, যুবদলের মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, ইছহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, তানভীর আহমেদ রবিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD