শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন




২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩২ pm
Obaidul Hassan jurist Chief Justice of the Supreme Court of Bangladesh Justice-Obaidul-Hassan প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওবায়দুল হাসান
file pic

বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, মন্ত্রিসভার সদস্য, ক্ষমতাসীন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি, জাতীয় সংসদের হুইপ, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সুপ্রিম কোর্ট বার সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

এদিকে, ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হয়েছে। শপথনামায় সইয়ের পরপরই বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

আইনজীবী ওবায়দুল হাসান ২০০৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে তার নিয়োগ নিশ্চিত করা হয়। তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারক হিসেবে উন্নীত হন।

আখলাকুল হোসেন আহমেদ ও বেগম হোসনে আরা হোসেনের ছেলে বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১ জানুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছায়াশী গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পিতা ড. আখলাকুল হোসেন আহমেদ ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদের সদস্য হয়ে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়নে অংশ নিয়েছিলেন।

২০১২ সালের ২৫ মার্চ বিচারপতি ওবায়দুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় এবং ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ১১টি রায় ঘোষণা করেন।

তার স্ত্রী নাফিসা বানু বর্তমানে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই দম্পতির পুত্র সন্তান ব্যারিস্টার আহমেদ শাফকাত হাসান। তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনের ওপর এলএলএম ডিগ্রি অর্জন করেছেন।

ওবায়দুল হাসান প্রাথমিকভাবে আইন বিভাগে অধ্যয়নের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে ঢাকা জেলা আদালতে একজন অনুশীলনকারী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ১৯৮৮ সালে হাইকোর্টে নথিভুক্ত হন। তিনি বেশ কয়েকটি প্রবন্ধ ও গ্রন্থের রচিয়তা। খবর: বাসস

আমাদের শপথ সংবিধান রক্ষা করার, এটি পবিত্র দায়িত্ব: প্রধান বিচারপতি

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‌‘সংবিধানকে সংরক্ষণ ও রক্ষা করা বিচার বিভাগের সবার পবিত্র দায়িত্ব। আমাদের শপথ সংবিধান রক্ষা করার।’ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান বিচারপতি।

এই স্মৃতিসৌধ আমাদের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে নির্মিত হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমি এবং আমার সহকর্মীরা এখানে এসেছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের সংবিধান তৈরি হয়েছে। কাজেই সংবিধানকে সংরক্ষণ করা আমি ও আমার সহকর্মীদের প্রত্যেকের পবিত্র দায়িত্ব। আমরা সেভাবেই শপথ নিয়েছি। এই শপথে বলিয়ান থাকার জন্য আবারও স্মৃতিসৌধে এলাম।’

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন ও মন্তব্য লিখেন তিনি। মন্তব্যে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাই দুই লক্ষাধিক মা-বোনের প্রতি। জাতীয় স্মৃতিসৌধে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যে মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তিসংগ্রামে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মূলনীতিসমূহ আমি বাংলাদেশর প্রধান বিচারপতি হিসেবে ও ব্যক্তিজীবনে দৃঢ়ভাবে অনুসরণ করবো।’

প্রধান বিচারপতি আরও লিখেছেন, ‘বীর শহীদগণের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও এর সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আমি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের পক্ষ থেকে সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।’

এর আগে বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD