শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন




স্বস্তির আশায় প্রহর গুণছেন ফিলিস্তিনিরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ ১২:৫১ pm
হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায়
file pic

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবসানে অবশেষে রোববার সকাল থেকে গাজায় কার্যকর হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি ও জিম্মি বন্দিদের মুক্তির চুক্তি অনুমোদন পাওয়ায় স্বস্তির আশায় প্রহর গুণছেন ফিলিস্তিনিরা।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা চলছে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একটি পরিবারের অন্তত পাঁচ সদস্য মারা গেছেন।

একই দিন সকালে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পর জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, জেরুজালেম লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছেন, ‘‘চুক্তির উভয়পক্ষ ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে গাজার স্থানীয় সময় ১৯ জানুয়ারি (রোববার) সকাল সাড়ে ৮ টায় যুদ্ধবিরতি শুরু হবে উপত্যকায়।’’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কেবল ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।সেই সময় চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হামাসের হাতে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল।

শনিবার সকালে মন্ত্রিসভায় ভোটাভুটির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘‘সরকার জিম্মি ফেরত পরিকল্পনা অনুমোদন করেছে।’’ চুক্তিটি যুদ্ধের উদ্দেশ্য অর্জনে সহায়তা করেছে বলেও নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে।

অবশ্য শনিবার এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েল তার আগ্রাসী লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কেবল এমন যুদ্ধাপরাধে সফল হয়েছে; যা মানবতার মর্যাদাকে কলঙ্কিত করে। ইসরায়েলের বিচারবিষয়ক মন্ত্রণালয় বলেছে, চুক্তির প্রথম ধাপের অংশ হিসাবে রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি বলেছেন, প্রাথমিকভাবে ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় হামাসের হাতে জিম্মি ৩৩ জন মুক্তি পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগের দিন এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে প্রশাসনের আংশিক নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধের পর ‘‘গাজায় সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের’’ প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে যুদ্ধ-পরবর্তী গাজা শাসনের বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও অবস্থান তুলে ধরেনি ইসরায়েল। যদিও বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রাখা উচিত।

যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই বাস্তুচ্যুত গাজাবাসীরা নিজ বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গাজার দক্ষিণের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শহরটির বাসিন্দা নাসর আল-গারাবলি বলেন, ‘‘আমি আমার ভূমি চুম্বন করতে যাব। আমার ভূমিতে মারা গেলে বাস্তুচ্যুত ব্যক্তি হিসাবে এখানে থাকার চেয়ে সেটিই ভালো হবে।’’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD