বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন




এক কিলোমিটার এলাকাজুড়ে আগুন

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৬ am
অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস bm কর্মক্ষেত্র ঝুঁকি
file pic

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস পাম্পে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। আগুন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আদর্শ গ্রাম এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার সন্ধ্যার দিকে পাম্পে আগুনের সূত্রপাত হয়। রাত ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, বিভিন্ন স্থানে আগুন ধিকিধিকি জ্বলতে দেখা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হওয়ার তথ্য রয়েছে।

স্থানীয়রা জানান, গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে পার্কিংয়ে থাকা কয়েকটি জিপে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন নিরাপদ স্থানে সরে যান।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে প্রায় এক কিলোমিটার পর্যন্ত তাপ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে পাশের আদর্শ গ্রাম এলাকার ভেতরেও আতঙ্কের সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডে পাম্পে থাকা অন্তত ৭ থেকে ৮টি গাড়ি পুড়ে গেছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর আরও দুটি অগ্নিনির্বাপক দল যোগ দেয়। পাহাড়ের ওপর থেকে এবং বিভিন্ন দিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ ৯ জন দগ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪ থেকে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD