অর্ন্তবর্তী সরকার বিগত ১লা মার্চ থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি বিমান ফ্লাইট বন্ধ করে দিয়েছিলো। এ নিয়ে ফেব্রুয়ারিতে সিলেটে আন্দোলন করেন বৃটেনের ম্যানচেস্টার অঞ্চলের প্রবাসীরা। তবু সিদ্বান্ত থেকে সরে দাঁড়ায়নি অর্ন্তবর্তী সরকারের সময়ের বিমান কর্তৃপক্ষ।
তবে সিলেটের জনপ্রতিনিধিরা এ নিয়ে প্রবাসীদের শুনিয়েছিলেন আশার আলো। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলে। এতে মেলে ইতিবাচক ফলও। সরকারের উচ্চ পর্যায় থেকে ফের ওই রুটে বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে সিদ্বান্ত নেয়া হয়।
এর প্রেক্ষিতে সোমবার থেকে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ওই রুটে তাদের ফ্লাইট অপারেট করার জন্য টিকিটিং সিস্টেম চালু করেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ঠা জুলাই থেকে ওই রুটে ফের চালু হবে বিমানের ফ্লাইট। হজ মৌসুম থাকায় মে ও জুন মাসের পর ফ্লাইটটি চালু হবে।
এদিকে টিকেটিং সিস্টেম চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যানচেস্টার অঞ্চলের বৃটেন প্রবাসীরা। ম্যানচেস্টারের ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম জুনেদ আহমদ জানিয়েছেন, টিকিটিং সিস্টেম চালু হওয়ার বিষয়টি এরই মধ্যে কমিউনিটিকে জানিয়ে দেয়া হচ্ছে। আশা করা হচ্ছে, ফ্লাইট চালুর আগে সবাই এ বিষয়ে অবগত হবেন।
তিনি জানিয়েছেন, এ ফ্লাইট বন্ধ করা ছিলো বিমান কর্তৃপক্ষের আত্মঘাতী সিদ্বান্ত। বর্তমান সরকার এসে ফ্লাইট চালুর ব্যাপারে ইতিবাচক সিদ্বান্ত গ্রহণ করায় প্রবাসীরা এখন খুশি। এটি আগামীতে নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোসাইটির আরেক পরিচালক জামাল আহমদ বলেন, ফের ফ্লাইট চালুর কার্যক্রম শুরু করে বিএনপি সরকার ঘোষণা করলো বর্তমান সরকার জনগনের সরকার। এ রুটে ফ্লাইট কখনোই অলাভজনক ছিলো না। অথচ অসত্য তথ্য দিয়ে প্রবাসীদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিলো। ফের ফ্লাইট চালুর কার্যক্রম শুরু হওয়ায় তিনি প্রধানমন্ত্রী সহ বিমানমন্ত্রী, বানিজ্যমন্ত্রী ও প্রবাসী কল্যানমন্ত্রীকে ধন্যবাদ জানান।