আসন্ন ২০২৬ বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতার কারণে দলটির বিশ্বকাপ বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন থেকে মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়া হচ্ছে। ফিফা ইরানের এই জরুরি অনুরোধে সবুজ সংকেত দিয়েছে।
শনিবার ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দেশটির ‘ফার্স নিউজ এজেন্সি’-কে দেওয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাম্প পরিবর্তনের কারণ জানিয়ে মেহেদি তাজ বলেন, ‘ফিফা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বেস ক্যাম্প সরানোর আমাদের বিশেষ অনুরোধটি গৃহীত হয়েছে। আমরা এখন প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে মেক্সিকোর তিহুয়ানায় অবস্থান করব। এটি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের একদম সীমান্ত সংলগ্ন একটি শহর। সেখানে আমাদের ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য সব ধরনের আবাসন ও সুযোগ-সুবিধা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে।’
তিহুয়ানাকে বেছে নেওয়ার পেছনের সুবিধা ব্যাখ্যা করে ফেডারেশন সভাপতি আরও বলেন, ‘তিহুয়ানা থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যেতে বিমানে মাত্র ৫৫ মিনিট সময় লাগবে, যা আগের অ্যারিজোনার টুসনের চেয়েও অনেক কম। এর পাশাপাশি ‘ইরান এয়ার’-এর সরাসরি চার্টার্ড ফ্লাইটে মেক্সিকো পৌঁছানো সম্ভব হবে, যা ফুটবলারদের ক্লান্তি কমাতে সাহায্য করবে।’
গত কয়েক মাস ধরেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইরানের খেলোয়াড় এবং অফিশিয়ালদের মার্কিন ভিসা পাওয়া নিয়ে বড় ধরনের সংশয় দেখা দেয়।
গত মঙ্গলবার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মদ নাবিও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, দলের সবাই শেষ পর্যন্ত মার্কিন ভিসা পাবেন কি না, তা এখনও শতভাগ নিশ্চিত নয়। তবে ফিফার নিয়মনীতি ও প্রোটোকলের ওপর তারা পূর্ণ আস্থা রাখছেন।
ইরান জাতীয় দল বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় নিবিড় প্রস্তুতি ক্যাম্প করছে। গত বৃহস্পতিবার দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও অফিশিয়াল আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসে গিয়ে ভিসার জন্য আঙুলের ছাপ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন।
গত মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ইরান প্রসঙ্গ উঠলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ‘ইরান বিশ্বকাপ খেলবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে। ফুটবল দিয়ে আমাদের মানুষকে একত্রিত করতে হবে।’
এবারের বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে অবস্থান করছে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২১ জুন একই শহরে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ইরান দল।