বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন




‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:১৭ am
মিয়ানমার বার্মা উখিয়া Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া প্রাথমিক পর্যায়ে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে তিনি জানান, মিয়ানমার বর্তমানে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, যদিও তাদের প্রত্যাবাসনের নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে আনাদোলু এজেন্সি জানায়, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই সমঝোতাকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধান এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা রক্ষার দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানান, কিন্তু প্রশ্ন হলো তাদের কোথায় পাঠানো হবে? কারণ ইতোপূর্বে মিয়ানমার তাদের গ্রহণ করতে চাইত না। ঠিক এ কারণেই মিয়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, এখন তারা প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা বৃহৎ সংখ্যক রোহিঙ্গার অন্যতম একটি অংশকে আশ্রয় দিয়ে আসছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের বাইরে পেনাংয়ের একটি শিবির থেকে আসা শতাধিক রোহিঙ্গার জমায়েতের পর এই ঘোষণা আসে। পরবর্তীতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ সেই দলটিকে কুয়ালালামপুর, সেলানগর এবং পেনাংয়ের অস্থায়ী অবস্থানে স্থানান্তরিত করে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, আঞ্চলিক এই শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাবে মালয়েশিয়া। মিয়ানমারের প্রধানত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার শিকার হয়ে আসছে এবং চরম কষ্ট থেকে বাঁচতে তারা প্রায়শই বিপজ্জনক সমুদ্রপথে দেশত্যাগের চেষ্টা করে থাকে।

২০১৭ সাল থেকে সামরিক বাহিনী ও সশস্ত্র দলগুলোর সহিংস দমনপীড়নের কারণে লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পৌঁছেছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD