ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানো দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বেশির ভাগই বাংলাদেশের ও সুদানের নাগরিক। কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।
গ্রিসের দক্ষিণাঞ্চলের ক্রিট দ্বীপে নৌকায় করে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের আগমন অব্যাহত রয়েছে। দেশটির সংবাদপত্র দেমোক্রাতিয়ার বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া থেকে ৪৮ ঘণ্টার কম সময়ে একের পর এক নৌযাত্রায় অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন।
অভিবাসনপ্রত্যাশীদের এমন ঢলে দ্বীপটির স্থানীয় কর্তৃপক্ষ ও অভিবাসী গ্রহণকেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। এর আগে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ নৌকাটিকে শনাক্ত করে।
পরে উপকূলরক্ষী বাহিনীর একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় অভিবাসনপ্রত্যাশীদের ইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাঁদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়।
এর কয়েক ঘণ্টা আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী সেখানে পৌঁছান। প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌকায়ও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং ৯ জন মিসরের নাগরিক।
উদ্ধার হওয়া সব অভিবাসনপ্রত্যাশীকে স্থানীয় হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আশ্রয়শিবিরে রাখা হয়েছে। ক্রিটে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়তে থাকায় নতুন করে আসা ব্যক্তিদের এই আশ্রয়শিবিরে রাখা হচ্ছে।