বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন




বৃষ্টি ও পাহাড়ি ঢলে যোগোযোগ বন্ধ

চট্টগ্রাম-কক্সবাজারে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ৪:১৯ pm
ctg Chattogram Chittagong City in Bangladesh চট্টগ্রাম
file pic

চট্টগ্রাম ও‌ কক্সবাজারের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বৃষ্টির পানি এবং পাহাড়ি ঢলে এ দুই জেলার অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গতকাল শুধু চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান একদিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বিকেল ৩টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (কলেজ ও প্রশাসন) পরিচালক প্রফেসর শাহেদুল খবির চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভারী বৃষ্টিপাতের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। এর সঙ্গে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে চট্টগ্রামের স্কুল-কলেজে ছুটি বাড়ানো এবং কক্সবাজারে ছুটি ঘোষণার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এ ছুটি দেওয়া হবে।

এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষাও তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা বৃষ্টিতে ক্যাম্পাস এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদেরও আসতে অসুবিধা হচ্ছে। এজন্য উপাচার্য জরুরি মিটিংয়ে ৩ দিন (৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ তিন দিন অফিস খোলা থাকবে।

উল্লেখ্য, টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। রোববার সেখানে রেকর্ড ৩শ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD