বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন




সাঈদীর মৃত্যুতে শোক, জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১০:২১ am
Bangladesh Chhatra League BCL বাংলাদেশ ছাত্রলীগ
file pic

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কি কারণে মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

তবে জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন তার ফেসবুকে সাঈদীর ছবিসংবলিত সংবাদ কার্ড শেয়ার করেন। একইসঙ্গে তার মাগফিরাত কামনা করে। এর পর থেকে যশোরের আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতার পোস্টটি স্ক্রিনশট দিয়ে সমালোচনা ও বহিস্কারের দাবি তোলেন। তবে কয়েক ঘণ্টা পর ছাত্রলীগ নেতা মারুফ আবার সেই পোস্ট মুছে ফেলেন।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, গত ১৩ আগস্ট আমার ফেসবুক আইডি হ্যাক হয়। পরে আমার বন্ধুরা জানান হ্যাককৃত আইডি থেকেই সাঈদীকে নিয়ে একটা পোস্ট হয়েছে। গতকাল রাতে আমার আইডিটা ফিরে পেয়েছি। এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানাতে জিডিও করেছি।

এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD