ব্রিকস-এ বাংলাদেশের অন্তর্ভুক্ত না হওয়া নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, এটি একটি চলমান প্রক্রিয়া। এটি ছিল প্রথম ধাপ। পরবর্তী ধাপে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদী। এরই মধ্যে আমরা কিছুটা সময়ও পেয়েছি।
রোববার (২৭ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি অংশ হিসেবে রয়ে গেছে। এনডিবি গত ১৫ বছরে ব্রিকসের একমাত্র বাস্তব ফলাফল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক ইস্যু আছে। রাজনৈতিক ও আঞ্চলিক এবং ভারসাম্য রক্ষার (ব্রিকসে অন্তর্ভুক্ত করা) বিষয় রয়েছে। ভৌগোলিক ভারসাম্য রক্ষার চেষ্টা ছিল। আরও আগ্রহী দেশ ছিল কিন্তু তারাও সদস্যপদ পায়নি। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়া ছিল সদ্য সমাপ্ত সম্মেলনে ব্রিকসে যোগদানের জন্য আমন্ত্রিত ছয়টি দেশ।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ এ বছর রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করতে চায়, প্রাথমিকভাবে প্রায় এক হাজার শরণার্থী নিয়ে।
তিনি বলেন, আমরা ৩ হাজার জনের একটি তালিকা দিয়েছি। আমাদের নিশ্চিত করতে হবে যে পরিবারগুলো যেন বিচ্ছিন্ন না হয়।
মোমেন বলেন, আগামী মাসে বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফর করবে এবং আস্থা তৈরির পদক্ষেপের অংশ হিসেবে মিয়ানমারের একটি দল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে এখানে আসবে।