শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রের ভিসানীতি পুলিশ বাহিনীর ওপর প্রভাব ফেলবে না: ডিএমপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৫৯ pm
Dhaka Metropolitan Polic dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি
file pic

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত বিধিনিষেধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন ভিসানীতি প্রয়োগে পুলিশের কাজের গতি কমবে না জানিয়ে তিনি বলেন, আমেরিকার ভিসানীতি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর আরোপ করা হয়েছে, তবে তারা কারা তা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না।

পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিসানীতির কারণে দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য দায়ী ব্যক্তি বা এর সঙ্গে যারা জড়িত তাদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকার ও বিরোধীদলীয় নেতাকর্মীরাও থাকবেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওই বিবৃতিতে বলা হয়েছে।

মার্কিন ভিসানীতির আওতায় কারা কারা পড়েছেন, তাদের নাম উল্লেখ করা হয়নি। তবে মিলার বলেছেন, যারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তাদের ব্যক্তিগতভাবে জানানো হবে। যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেসব ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD