বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন




নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক: জিএম কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৫:২৯ pm
জিএম কাদের GM Quader Jatiya Party জি এম কাদের gm kader G M kader jatiyo party জাতীয় পার্টি জাপা জি এম জাপা gm gm kader
file pic

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ন বিল-২০২৩ সংসদে তোলা হয়েছে। এই বিলটি পাশ করার চেষ্টা থেকে সরকারকে সরে আসতেও আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

আজ বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্যান্য বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত; কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ন বাহিনীকে পুলিশের মতো অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার।

জিএম কাদের বলেন, সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এ বিলে আপত্তি জানিয়েছে। আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেওয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশি ক্ষমতা দেওয়া হলে, মাঠপর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতি অস্বাভাবিকভাবে বাড়বে। ইতোমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানিয়েছেন।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD