বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন




ঈদে বিশাল আয়োজনে বর্ণাঢ্য ইত্যাদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৫:৪৫ pm
Ityadi popular magazine television programme ITTADI Hanif Sanket উপস্থাপক হানিফ সংকেত জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি বাংলাদেশ টেলিভিশন
file pic

প্রতি বছরের মতো এবারো ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। এবার অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্লু স্কাই গার্ডেন সংলগ্ন একটি দৃষ্টিনন্দন স্থানে। বরাবরের মতো এবারো ইত্যাদি শুরু করা হয়েছে- আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে।

এবারে গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। এবারের ইত্যাদির দেশের গানে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। তাদের সঙ্গে রয়েছে এই প্রজন্মের ১০ জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, খেয়া ও সানিয়া সুলতানা লিজা। ‘ও বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ’ শিরোনামে গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এবারের ঈদের বিশেষ ইত্যাদির বিশেষ চমক হচ্ছে এই প্রথম একসঙ্গে ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।

ইনামুল তাহসিনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম। আর একটি গানে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনো অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন রোমান্টিক গান। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। এবারের ইত্যাদিতে একটি ভিন্ন আঙিকের নাচের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনায় ইভান শাহরিয়ার সোহাগ। ইত্যাদির প্রতিটি পর্বই সাজানো হয় নির্দিষ্ট কিছু বার্তা দিয়ে।

এবার অনলাইন কেন্দ্রিক তিনটি ভিন্ন ঘটনা, সুরে সুরে তুলে ধরেছেন তিন জনপ্রিয় দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপড়েন নিয়ে নির্মিত মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপ শিল্পী মাহমুদুল হাসান।

সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সঙ্গে ছিলেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজনে মেহেদী। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজীব ও খেয়া। নৃত্য পরিচালনায় ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। প্রায় দুই যুগ ধরে ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। নাচ-গান ও গ্রামীণজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তুখোড় অভিনয় সমৃদ্ধ এবারের পর্বের বিষয় ‘গুজব’।

এবারো ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। এবার ঈদেও মুখোমুখি হয়েছেন ইত্যাদির নিয়মিত চরিত্র নাতি ও কাশেম টিভির রিপোর্টার। এ ছাড়াও রয়েছে ঈদকে ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর ডজন খানেক নাট্যাংশ। ইত্যাদির শিল্প নির্দেশনা করেছেন যথারীতি মুকিমুল আনোয়ার মুকিম। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD