রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন




জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৪:৪৮ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজটি সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ইমেইলের মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার ডেপুটি করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এই পেসার বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন। এবার তিনি ডাক পেলেন প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের দলে।

ইনজুরির কারণে সিরিজে থাকছেন পেসার তাসকিন আহমেদ। আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেয়ায় লিটন থাকছেন না পুরো সিরিজে। তাসকিনের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বাঁ একিলিস টেন্ডনে সমস্যার কারণে তাসকিন এখন পুনর্বাসনে আছে, সিরিজে তাকে পাওয়া যাবে না।’

আসন্ন এই গুরুত্বপুর্ণ সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ১১ এপ্রিল থেকে সিলেটে প্রস্ততি ক্যাম্প শুরু করবে। ডিপিএলে ১০ এপ্রিল নিজেদের খেলা শেষ করেই জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি ক্যাম্পে যোগ দিবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তখন শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে তামিম-সাকিবকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ এবং উভয় সিরিজেই পরাজিত হয়েছিল।

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এমনকি সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ ২২০ রানের বিশাল জয় পেয়েছিল।

দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল ২০১৮ সালে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

সিরিজ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২০-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সকাল ১০টা
২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০টা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD