চলতি মাসেই পূর্নাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। লঙ্কা সফরের শুরুতে মাঠে গড়াবে টেস্ট সিরিজ।
বুধবার (৪ জুন) দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরেছেন পেসার এবাদত হোসেন।
গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে এটিই হবে বাংলাদেশের প্রথম সিরিজ। গুরুত্বপূর্ণ এ সিরিজে সেরা দল নিয়ে খেলার লক্ষ্য বিসিবির। তাসকিন আহমেদ গোড়ালির চোট পুনর্বাসনে থাকায় শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে রাখা হয়নি। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলা এবাদত ফিরছেন লঙ্কা সফর দিয়ে।
জাতীয় লিগ, জাতীয় লিগ টি২০, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি এক দিনের এবং একটি চার দিনের ম্যাচ খেলেছেন টাইগার এ পেসার। নিজেদের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেও বল হাতে ছন্দে ফেরার বার্তা দেন। লঙ্কা সফরে চার পেসার নিয়ে গেলে তানজিম হাসান সাকিবকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হতে পারে।
ঈদের পর ৯ মে অনুশীলন শুরু। ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ওই দিনই ক্যাম্পে যোগ দেবেন প্রধান কোচ ফিল সিমন্স। ১৩ মে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে দল।
বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও মাহিদুল ইসলাম অংকন।