শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন




মুসলমানদের জন্য এবারও ঈদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ জুন, ২০২৫ ১০:৪৮ am
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

বিশ্বব্যাপী মুসলমানদের জন্য মার্কিন প্রেসিডেন্টদের ঈদ শুভেচ্ছা বার্তা দেওয়ার রীতিনীতি বা রেওয়াজ থাকলেও পরপর দুই ঈদে কোন শুভেচ্ছা বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (৬ জুন) যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। কিন্তু এ উপলক্ষে তিনি কোন শুভেচ্ছা বার্তা জানাননি।

গেল রমজানে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও গত ঈদুল ফিতরেও তিনি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের জন্য কোন বার্তা দেননি। রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা পাঠিয়ে থাকেন। কিন্তু চলতি বছরেই ঘটেছে তার ব্যতিক্রম। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত দেননি কোনো বিবৃতি।

রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে গত ২৭ মার্চ শবে কদর উপলক্ষ্যে এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। সম্মাননা ও উদযাপনের ওই রাতে বিলাসবহুল সাজে সজ্জিত হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি, আমি আপনাদের পাশে থাকব। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট মুসলিম-আমেরিকান নেতা, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা অংশ নেন।

ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ২০২০ সালের ২৩ মে প্রথমবার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান।

তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছিলেন, বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করছেন, আমরা আশা করি তারা প্রার্থনা ও ভক্তির মাধ্যমে সান্ত্বনা ও শক্তি লাভ করবেন। গত কয়েক সপ্তাহ ও মাস ধরে, যখন আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, তখন এই অভূতপূর্ব সময়ে দিকনির্দেশনা পাওয়ার জন্য আমরা আমাদের বিশ্বাস, পরিবার এবং বন্ধুদের ওপর নির্ভর করেছি।

এই উৎসব এক মাসব্যাপী রমজান শেষে পালন করা হয়, যখন মুসলিমরা দিনের বেলা রোজা রাখেন এবং অন্যান্য ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা পালন করেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD