শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন




ভারতের সঙ্গে সংলাপে প্রস্তুত পাকিস্তান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ ১১:২৪ am
file pic

সৌদি যুবরাজকে পাকিস্তানি প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদসহ সকল অনিষ্পন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে গঠনমূলক সংলাপের জন্য ইসলামাবাদ প্রস্তুত।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

মঙ্গলবার এক টেলিফোনালাপে তিনি এ কথা বলেন। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গভীর সম্পর্কের প্রেক্ষাপটে দুই নেতা একে অপরের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ সৌদি আরবের অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান।একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।

ইরান-ইসরাইল সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়ে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, পাকিস্তান এই সংঘাতের তাৎক্ষণিক নিরসন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে।

তিনি বলেন, সোমবার রাতে সংঘটিত হামলার আলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি প্রতিটি পক্ষের শ্রদ্ধাশীল থাকা জরুরি। এ প্রসঙ্গে তিনি সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পাকিস্তানের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আলাপচারিতায় শাহবাজ শরিফ পবিত্র দুই মসজিদের খাদেম, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

তিনি সফল হজ আয়োজনের জন্য সৌদি নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানান এবং পাকিস্তানি হজযাত্রীদের প্রতি সৌজন্যমূলক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তাঁর প্রশংসনীয় প্রচেষ্টা বিশ্বমঞ্চে সৌদি আরবের নেতৃত্বের পরিচায়ক। তিনি বলেন, সৌদি আরব এক শান্তিপ্রেমী শক্তি হিসেবে মুসলিম উম্মাহর নেতৃত্ব বহন করছে।

জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনকলের জন্য প্রধানমন্ত্রী শাহবাজকে ধন্যবাদ জানান এবং সৌদি আরবের প্রতি পাকিস্তানের সংহতি ও সমর্থনের প্রশংসা করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় সৌদি আরব পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD