মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ এবার এলো পর্দায়। যেখানে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। সম্পর্কের টানাপড়েন, সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি তুলে ধরা হয়েছে ঝলকে। ছবিতে কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।
এ ছাড়া, কুমুদ ও শশী ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন- পরমব্রত চট্টোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায়। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন- ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন। এদিকে, গত মাসেই
কলকাতায় মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’।
সেটিতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তারও আগে গত ঈদে বাংলাদেশে মুক্তি পায় তার দুই সিনেমা- ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এদিকে, চলতি বছরের মে মাসে মুক্তি পায় জয়া অভিনীত ‘জয়া ও শারমীন’ ছবিটি। ‘পুতুল নাচের ইতিকথা’ হলো চলতি বছর মুক্তি পাওয়া জয়া আহসান অভিনীত পঞ্চম সিনেমা। এ বিষয়ে জয়া বলেন, সংখ্যার দিকে কখনো তাকাইনি। এমনও গেছে বছরে
একটি ছবি মুক্তি পেয়েছে। এবার আগস্টের মধ্যেই পাঁচ ছবি মুক্তি পেলো দুই বাংলা মিলিয়ে। দর্শক ছবিগুলো পছন্দও করছে- এটাই আমার কাছে বড় পাওয়া।