নিষেধাজ্ঞামুক্ত হলো ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। উজবেকিস্তানের এক ফুটবলারের অভিযোগের ভিত্তিতে ইয়ংমেন্সকে আর্থিক জরিমানা করেছিল ফিফা। জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
অবশেষে পাওনা মিটিয়ে দিয়ে ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো ইয়ংমেন্স। বুধবার ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ সংক্রান্ত একটি নির্দেশনা পেয়েছে। ফলে এখন আর দলবদলের কার্যক্রমে অংশ নিতে কোনো বাধা নেই মতিঝিল পাড়ার এই ক্লাবটির।
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের দলবদলে এখন আর কোনো বাধা নেই। ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বাফুফে এবং আমাদের ক্লাব কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ। সবার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।’
উজবেক ফুটবলারের পাওনা ছিল ২৫ লাখ টাকা। সেই টাকা পরিশোধ করতে গলদঘর্ম হতে হয়েছে ক্লাব কর্তাদের। ১৪ আগস্ট প্রিমিয়ার ফুটবল লিগে দলবদলের শেষ দিন। হাতে মাত্র এক সপ্তাহ সময় থাকলেও আসন্ন মৌসুমে খেলার ব্যাপারে আশাবাদী এই ক্লাবের কর্তারা।
সাধারণ সম্পাদক যোগ করেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় আগে থেকে রয়েছে। আগামী কয়েকদিনে আরও খেলোয়াড় সংগ্রহ করব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গেও যোগাযোগ করছি। ফকিরেরপুল মাঠে নামবে এটা বলতে পারি।’