মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন




তপশিল ঘোষণা, চাকসু নির্বাচন ১২ অক্টোবর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ৬:০২ pm
University of Chittagong Chattogram CU Hathazari চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি
file pic

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আজ বিকেল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। এরপর ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

চাকসু নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন মোট ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। কমিশনের দায়িত্বে আছেন ১১ জন সদস্য। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মনির উদ্দিন। তার সঙ্গে রয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. আফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।

তপশিল ঘোষণার অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ও কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৫৪টি বিভাগের খসড়া ভোটার তালিকা হাতে পেয়েছি। ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী এতে অন্তর্ভুক্ত। ১৪টি হলে হল সংসদ নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগ অনলাইনে সব তথ্য প্রকাশ করবে। কমিশন যে গঠনতন্ত্র পেয়েছে, সেটির আলোকে নির্বাচন পরিচালিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ আমরা নির্বাচনের প্রথম ধাপ তপশিল ঘোষণা করছি। আমাদের কমিশনে ২ জন ডিন, ২ জন প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, চাকসু পরিচালকসহ সবাই আছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা দেওয়া হবে। মনোনয়ন জমা, প্রাথমিক প্রার্থী তালিকা ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ছুটি থাকে, তাই শিক্ষার্থীদের ফেরার পর অক্টোবরে ভোটের দিন ঠিক করা হয়েছে।

তপশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মুহাম্মদ ইয়াহুয়া আকতার ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। চাকসু কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার কেন্দ্রীয় চাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার বছর পর ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন হয়। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার ভোট হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD