বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমিন। যার মধুর কণ্ঠের জাদুতে ষাট দশক থেকে আজও দেশ-বিদেশের অগণিত শ্রোতা বন্দি। সিনেমায় তার যা জনপ্রিয় গানের সংখ্যা, তা খুব কম শিল্পীর সৌভাগ্যেই জোটে। কিংবদন্তি এ কণ্ঠশিল্পীর আজ ৭১তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে মানবজমিনের সঙ্গে আলাপকালে নানা বিষয়ে স্মৃতিচারণ করলেন তিনি।
সাবিনা ইয়াসমিন বলেন, এবারের জন্মদিনটা আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের। জন্মদিন উপলক্ষে আমার জীবনী নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘জুঁইফুল সাবিনা ইয়াসমিন’ মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি অনেক যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। আমি নিজেও ডকুফিল্মটি দেখে বেশ মুগ্ধ হয়েছি। এর মাধ্যমে আমার ভক্তরা অনেক অজানা বিষয় জানতে পারবেন। সাবিনা যোগ করে বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমার জন্মদিন উপলক্ষে আগামী ৭ই সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
আমি উপস্থিত থাকবো সে অনুষ্ঠানে। অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে। এর বাইরে সম্প্রতি একটি নতুন গানও তৈরি হয়েছে। সেটিও প্রকাশ হবে জন্মদিনকে ঘিরে। আপনার বর্ণিল শিল্পী জীবনে জন্মদিনের স্মৃতি জানতে চাই। সাবিনার উত্তর- শিল্পী জীবন তো নানা সুখ-দুঃখ আনন্দে ভরা। জীবন তো রাতের নির্মল আকাশে অসংখ্য উজ্জ্বল তারার মতো। সত্যি বলতে আমাদের ছোটবেলায় জন্মদিনে কেক কাটার চর্চা তেমন ছিল না।
তবে, আনন্দ হতো অনেক। সেসব দিন আসলে ভোলার নয়। যেদিন জন্মদিন থাকতো, সেদিন আমার মা মজার সব রান্না করতেন। বিশেষ করে পায়েস রান্না করতেন, যার স্বাদ আজও ভুলতে পারি না। জন্মদিন ঘিরে সারাদিন হৈ-হুল্লোড় আর রাতে গানের আসর হতো বাসায়। পরিবারের সবাই একত্রিত হতাম, অন্যরকম একটি অনুভূতি কাজ করতো। আজ এই জন্মদিনে বাবা-মার কথা ভীষণ মনে পড়ছে। তারা আজ নেই। বয়সের হিসাবে আমিও এগিয়ে যাচ্ছি অনন্তের পানে। কিংবদন্তি এ শিল্পী যোগ করে বলেন, জীবনের সবচেয়ে নির্মল ও সুন্দর সময় শৈশব।
পুরো পরিবার নিয়ে একই ছাদের নিচে বেড়ে ওঠা, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া। এর মাঝে যে প্রশান্তি ছিল- তা আমাকে এই মুহূর্তে আবেগি করে দিচ্ছে। সবমিলিয়ে এখন কেমন আছেন? সাবিনা বলেন, জীবনটা এখন আমার দুই সন্তানকে ঘিরে আবর্তিত। আর গান তো আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। অনেকটা আবেগি হয়ে সাবিনা বলেন, আমার শিল্পী হয়ে ওঠার পেছনে অনেকের অবদান রয়েছে। আজ তাদের কথা মনে পড়ছে।
বিশেষ করে আমার গানের সুরকার, গীতিকার ও মিউজিশিয়ানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দোয়া চেয়ে সাবিনা বলেন, জন্মদিনে দেশবাসীর জন্য প্রার্থনা এবং মঙ্গল কামনা করছি। সবাই যেন সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকে। দর্শক-শ্রোতাদের অনুরোধ করবো, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ এবং সুন্দর থেকে আপনাদের আরও গান উপহার দিতে পারি।