ফ্লোটিলা সুমুদ বহরের জাহাজে ইসরাইলি হামলায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। দখলদারদের ওপর বড় ধরণের নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ইউরোপ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার বিক্ষোভকারীরা ইসরাইলের হামলার প্রতিবাদে সড়কে নেমে আসেন। কমপক্ষে ৪০০ যাত্রীবাহী ৪১টি জাহাজ আটকে দিয়ে সেগুলোকে উপকূলীয় এলাকায় পৌঁছাতে বাধা দেয় ইসরাইলি বাহিনী।
ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বার্সেলোনায় বিক্ষোভ করেছেন ১৫ হাজার মানুষ। এ সময় তাদেরকে ‘বয়কট ইসরাইল, ‘গাজা তুমি একা নও, এ ধরণের স্লোগান দিতে শোনা যায়। বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাও যে বোটে ছিলেন সেটিকেও বাধা দেয়া হয়েছে। আদা কোলা ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাকে প্রত্যাবর্তন করেছে ইসরাইল। এদিকে বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের বাইরে। মিরিয়াম এমসিন্যালি নামের এক নারী বলেন, তার মেয়ে নৌবহরের সঙ্গে যাত্রা করেছে।
তিনি বলেন, আমি আমার অসুস্থ মেয়েকে নিয়ে চিন্তিত। তবে আমি তার জন্য গর্বিত । সে মানবতার জন্য দাঁড়াচ্ছে। প্যারিসের প্লেস দে লা রিপাবলিকে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইতালিতে দেশের মূল ইউনিয়নগুলো শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে কর্মীদেরকে রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন।