মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন




বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৪:৫৬ pm
Kazi Salahuddin Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে কাজী সালাউদ্দিন
file pic

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে। ‎বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও বাফুফেকে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল, কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।‎

বাংলাদেশ-ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করেছে।

এ বিষয়ে গোলাম গাউস বলেন, ‘আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে দুই-এক দিনের মধ্যে জানাতে পারব।’

জানা গেছে, এর মধ্যে নেপাল নাকি বাফুফেকে সবুজ সঙ্কেত দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নেপাল সফর করেছিল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য। ৬ সেপ্টেম্বরের ম্যাচটি হলেও বাতিল করতে হয়েছিল ৯ সেপ্টেম্বরের ম্যাচ। নেপালের অস্থির পরিস্থিতির কারণে দ্বিতীয় ম্যাচটি হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD