শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন




রোহিতের রেকর্ড ভেঙে সবার ওপরে বাবর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫ ১:৫২ pm
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
file pic

দলের লক্ষ্য নাগালে থাকায় কোনোরকম তাড়াহুড়ো করলেন না বাবর আজম। বাউন্ডারিতে ইনিংস শুরুর পর, ধীরেসুস্থে খেলে দলকে নিলেন জয়ের বন্দরে। এরই মাঝে গড়লেন অসাধারণ এক রেকর্ড; রোহিত শার্মাকে ছাড়িয়ে হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান।

লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়ের পথে বিশ্ব রেকর্ডটি গড়েন বাবর।

বাদ পড়ার ১০ মাস পর এই সিরিজ দিয়েই ২০ ওভারের সংস্করণে ফেরেন বাবর। কিন্তু প্রথম ম্যাচে দুই বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। সেই হতাশা সামলে শুক্রবার আর ভুল করেননি সাবেক পাকিস্তান অধিনায়ক।

এই সংস্করণ থেকে রোহিত অবসর নেওয়ায়, রেকর্ডটি আসলে বাবরের যেন হওয়ারই ছিল। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চূড়ায় উঠতে এদিন ৯ রান দরকার ছিল তার।

১১১ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই ৫৪ রান তুলে ফেলে পাকিস্তানের দুই ওপেনার। সপ্তম ওভারে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরানো কর্বিন বশকে গিয়েই দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারি মারেন বাবর। এরপর খেলেন সিঙ্গেল নিয়ে।

ইনিংসের দ্বাদশ ওভারে ডনোভান ফেরেরাইকে লং অফে খেলে একটি রান নিয়ে রোহিতকে ছাড়িয়ে যান বাবর। ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি।

২০১৬ সালে এই সংস্করণে অভিষেকের পর থেকে, ১৩০ ম্যাচের ১২৩ ইনিংসে ৩৯.৫৭ গড়ে বাবরের মোট রান হলো ৪ হাজার ২৩৪। তিনটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

তালিকায় দুইয়ে নেমে যাওয়া রোহিতের রান ৪ হাজার ২৩১; ১৫১ ইনিংসে ৩২.০৫ গড়ে। তার সতীর্থ ভিরাট কোহলি ১১৭ ইনিংসে ৪ হাজার ১৮৮ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে, ৪৮.৬৯ গড়ে। তিনিও এই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD