বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক
ক্রিকেট মাঠের চিরচেনা সৌজন্যবোধ যেন উড়ে গেলো জিম্বাবুয়ের বুলাওয়েতে। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের প্রভাব দেখা গেলো যুব বিশ্বকাপের মঞ্চে। আজ শনিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ শুরুর আগে টসের সময় দেখা গেলো নজিরবিহীন এক দৃশ্য। ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে এবং বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার প্রথাগত হ্যান্ডশেক বা হাত মেলানো থেকে বিরত থাকলেন।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে দুই দলের অধিনায়কের এমন আচরণে স্তম্ভিত ক্রিকেট বিশ্ব। টসের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। সাধারণত টসের পর দুই অধিনায়ক হাত মিলিয়ে সৌহার্দ্য বিনিময় করেন, কিন্তু আজ দুজনেই পেশাদার দূরত্ব বজায় রেখে কেবল পিচ ও দল নিয়ে কথা বলেন। আশ্চর্যের বিষয় হলো, মূল একাদশে অধিনায়ক আজিজুল হাকিম থাকলেও আজ টস করতে নামেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আবরার জানান, পিচের ভেজা ভাবের সুবিধা নিতেই তারা বোলিং বেছে নিয়েছেন। অন্যদিকে ভারতের অধিনায়ক আয়ুশ জানান, তারাও প্রথমে বল করতে চেয়েছিলেন কিন্তু এখন লক্ষ্য হচ্ছে বোর্ডে বড় রান তোলা।
মাঠের এই শীতল সম্পর্কের পেছনে কাজ করছে দুই দেশের বর্তমান কূটনৈতিক অস্থিরতা। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপ ও নারী বিশ্বকাপে ভারতের দলগুলোকে পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত মেলাতে দেখা যায়নি। এবার সেই একই আচরণের পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশের বিপক্ষে। মূলত আইপিএলে খেলোয়াড়দের চুক্তি বাতিল এবং আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান বিবাদের কারণেই বিসিসিআই ও বিসিবির মধ্যকার সম্পর্ক এখন তলানিতে।