শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন




টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ৬:১৮ pm
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb নারী
file pic

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাছাইপর্বে টানা পঞ্চম জয় পেয়েছে টাইগ্রেসরা। এরপর নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বিশ্বকাপের টিকিট পেয়েছে ডাচরাও।

বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। নারী টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে ১২৬ রানেই থেমেছে থাইল্যান্ডের দৌড়।

গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়ার বিপক্ষে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর থাইল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সেও বাংলাদেশের অবস্থান এখন সবার ওপরে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিগার সুলতানা জ্যোতিদের।

নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যোগ হয়েছে। সুপার সিক্সে সুযোগ পাওয়া যে দলগুলো গ্রুপেও প্রতিপক্ষ ছিল, তারা এই রাউন্ডে একে অন্যের বিপক্ষে খেলবে না। যে কারণে সুপার সিক্সে একটা দল ম্যাচ খেলবে ৩টি, তবে হিসাব হবে মোট ৫ ম্যাচের পয়েন্ট।

এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট (১.১৫০), তাদের চেয়ে ভালো রানরেট শুধু ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের (১.৩৫৬)। সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে ১২ দলের অংশগ্রহণে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD