শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন




আইসিসি থেকে নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিসিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৭ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়ে থাকে বরাবরই। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। যদিও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত মিলছে না। সম্প্রতি টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ক্ষমতায় আসার আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েও একই সুর তাঁর কণ্ঠে। তবে বোর্ডের সঙ্গে আলোচনার বিষয়টিও সামনে এনেছেন।

বিসিবিতে নিয়মের বাইরে কোনো রদবদল হলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকি থাকে। সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও। আজ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ইফতার অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

বিসিবি পুনর্গঠন হলে আইসিসি কোনো ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা কঠিন, তবে আইসিসির সঙ্গে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে সেরা অবস্থায় নেই। যদি এ রকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ধারা খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায়, করতে পারে। আসলে এই মুহূর্তে এটা আগাম বলা দরকার নেই, তবে শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।’

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে ফারুকের মন্তব্য, ‘আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি একজন সাবেক অধিনায়ক। আমি নিশ্চিত তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি চিন্তা করবেন যে যখন যেটা করবেন যেন সবচেয়ে ভালো হয়। তিনি যখন ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন না, তখন তাঁর বিবৃতি আর এখনকার বিবৃতির মধ্যে আমার মনে হয় একটা পার্থক্য থাকবে। পজিশনে থেকে আপনি একভাবে চিন্তা করবেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়।’

গত মাসে বিশ্বকাপ ইস্যুতে তামিম ইকবালকে নিয়ে মন্তব্য করে বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামও বোর্ড ভাঙার আশঙ্কা দেখছেন না। তিনি বিএসপিএর ইফতার অনুষ্ঠান শেষে বলেন, ‘আমি এখনো এই ধরনের কোনো কিছু দেখছি না। আমি একটু আগেও বলেছি, এখনো আবার বলছি যে আমরা একটা নির্বাচিত বোর্ড। এটাও নির্বাচিত সরকার। প্রতিটি নির্বাচিত সরকারের কিছু টার্মস অ্যান্ডস কন্ডিশনস থাকে, কিছু নর্মস থাকে। সেই নর্মস অনুসারে চলে। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD