মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন




নিশ্চিতভাবেই বিশ্বকাপে খেলবে ইরান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৬:০৫ pm
FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে এবারও নিজের দাবিতে অনড় থাকলেন জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার ফিফা সভাপতি স্পষ্ট জানিয়ে দিলেন, মধ্যপ্রাচ্যের এই দেশটি ‘অবশ্যই’ ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে।

গত ২৮শে ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিশেষ করে, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে পূর্বনির্ধারিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর আগে ইরান সরকার তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে থেকে মেক্সিকোতে সরিয়ে নেয়ার অনুরোধ জানালে ফিফা তা নাকচ করে দেয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবামও গত সপ্তাহে ফিফার এমন অনড় অবস্থানের কথা নিশ্চিত করেন। এর মধ্যে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘ইরান দল অবশ্যই (বিশ্বকাপে) আসছে। খেলোয়াড়রা মাঠে নামতে মুখিয়ে আছে এবং তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। আমরা আশা করি, (বিশ্বকাপ শুরু হতে) ততদিনে পরিস্থিতির উন্নতি হবে। খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।’

গত মাসে তুরস্কে ইরানের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করার কথা উল্লেখ করে তিনি আরও জানান, ফিফা দেশগুলোর মধ্যে সেতু তৈরির কাজ করে যাবে।

তবে এর আগে যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কার ইঙ্গিত দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন ডনাল্ড ট্রাম্প। ইরানের ফুটবলারদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে আমি সত্যিই মনে করি না যে, সেখানে (যুক্তরাষ্ট্র) থাকা তাদের জন্য উপযুক্ত হবে।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ই জুনের মধ্যে ইরান দলকে অ্যারিজোনার টাসানে রিপোর্ট করতে হবে। ১৫ই জুন ক্যালিফোর্নিয়ার সো-ফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর সিয়াটলে ২১শে জুন বেলজিয়াম এবং ২৬ জুন মিশরের মুখোমুখি হবে তারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD