রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন




ফিলিস্তিন সংহতি কর্মসূচিতে ন্যায়বিচারের শক্তিশালী দাবি ও বিশ্ব বিবেকের প্রতি আহ্বান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ ৭:৪৪ pm

ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারের অ্যাঙ্কর হলে শনিবার “ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন” আয়োজিত এক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কূটনীতিক, নীতিনির্ধারক, নাগরিক সমাজের প্রতিনিধি, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে অধ্যয়নরত উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। তিনি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ও নীতিনিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিয়াদ এইচ এম হামাদ। তিনি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং বৈশ্বিক সংহতির ধারাবাহিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন-এর চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা’দী। তিনি বলেন, সংহতি একটি নৈতিক দায়িত্ব এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে বাস্তব পরিবর্তন আনতে পারে।

অন্যান্যদের মধ্যে দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. কবির চৌধুরী এবং মস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রিয়াজুর রহমান বক্তব্য রাখেন। তারা সংকটের মানবিক দিক তুলে ধরে সমন্বিত ত্রাণ ও অ্যাডভোকেসি কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নার্স র‌ওনক ফারহানা, যিনি গাজাতে তিনবার চিকিৎসা সেবা দিয়েছেন তিনি জুমের মাধ্যমে বক্তব্য রাখেন। এ এছাড়া সরাসরি গাজা থেকে জুমের মাধ্যমে সেখানকার পরিস্থিতি বর্ণনা করেন মার‌ওয়া আদিব।

অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনের চলমান মানবিক পরিস্থিতি, দখলদারিত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা মানবিক সহায়তা বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা জোরদার এবং ফিলিস্তিন ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানটি নাগরিক ঐক্য ও মানবিক উদ্বেগের এক শক্তিশালী প্রতিফলন হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে ফিলিস্তিনের পক্ষে সংহতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক দায়িত্ববোধের এক জোরালো বার্তা দিয়ে শেষ হয়। উল্লেখ্য ফ্রেন্ডস অফ প্যালেস্টাইন এ পর্যন্ত বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনিদের এক কোটি ৮০ লক্ষ টাকা বৃত্তি প্রদান করেছে এবং গাজাতে এক কোটি ৬০ লাখ টাকার অধিক ত্রাণ সাহায্য প্রদান করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD