সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন




ট্রেনে ঢাকায় এলো ৮০৩ গরু, দেশে উদ্বৃত্ত ২২ লাখ পশু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ ১:৩৮ pm
livestock Friesian Friesian Cross Cattle Australian Cattle Feed Cow Farm Agro livestock Cattle farming Heife Dairy farming agriculture milk product bull cow bulls cows Qurbani Eid farmers beef fattening established trade ক্যাটল কাটল এক্সপো গবাদিপশু পালন মেলা পশুপাখি মেলা একটি বাড়ি একটি খামার খামারি খামারী খামার গরু প্রদর্শিত অ্যাগ্রো গোখাদ্য এগ্রো ফার্মা প্রদর্শন যুব উন্নয়ন অধিদপ্তর কোরবানি গরু মোটাতাজা জাত
file pic

ঈদুল আজহা সামনে রেখে বিশেষ ট্রেনে ঢাকায় এসেছে ৮০৩টি গরু। গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটেল ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে রাজশাহী, দেওয়ানগঞ্জ ও জামালপুর স্টেশন থেকে আরও গরু তোলা হয়। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বিশেষ এই ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশনে পৌঁছায়। পরে ব্যবসায়ীরা পশুগুলো বিভিন্ন হাটে নিয়ে যান। সড়কপথের চাঁদাবাজি-হয়রানি ছাড়া কম খরচে নিরাপদে পশু আনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন ব্যাপারীরা।

এদিকে এবার দেশজুড়ে চাহিদার চেয়ে ২২ লাখ পশু উদ্বৃত্ত রয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। বিপুল এই সরবরাহ নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের ২৩টি অস্থায়ী হাটে আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে পশু বেচাকেনা শুরু হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর কোরবানির গবাদি পশু পরিবহনের জন্য তিনটি বিশেষ ক্যাটেল ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেনের প্রতিটি বগির ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। আজ ও আগামীকালের মধ্যে আরও দুটি ক্যাটেল ট্রেন পশু নিয়ে রাজধানীতে এসে পৌঁছাবে।

প্রথম ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু তোলা হয়। পরে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরু তোলা হয়। ট্রেনে গরু আনা জামালপুরের একজন ব্যবসায়ী জানান, তিনি চারটি গরু এনেছেন। এ জন্য তাঁকে দুই হাজার টাকা ভাড়া দিতে হয়েছে। ট্রাক বা পিকআপে আনলে তাকে দ্বিগুণ ভাড়া গুনতে হতো। এ ধরনের ট্রেন আরও চালু করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ব্যাপারীরা সন্তুষ্টি প্রকাশ করে জানান, ট্রেনে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তারা অত্যন্ত কম খরচে ঢাকায় গরু নিয়ে আসতে পেরেছেন। সড়কপথের মতো ট্রেনে পথে পথে কোনো প্রকার চাঁদাবাজির হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়নি। পশুগুলো ঝুঁকিমুক্তভাবেই রাজধানীতে পৌঁছেছে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আরেকটি ক্যাটেল ট্রেন রোববার আরও বিপুল সংখ্যক কোরবানির পশু নিয়ে ঢাকায় এসে পৌঁছাবে।

গাবতলী পশুর হাটে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গতকাল গাবতলী পশুর হাট পরিদর্শনে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে। চাহিদার চেয়ে ২২ লাখ পশু উদ্বৃত্ত রয়েছে। এবার পশুর কোনো সংকট হবে না।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই। এ বছর কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদি পশু প্রস্তুত, যেখানে চাহিদা প্রায় এক কোটি এক লাখ। সীমান্ত দিয়ে অবৈধভাবে গবাদি পশু প্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিজিবিসহ প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি মেডিকেল সেন্টার পরিদর্শন করেন।

পরে গরুর হাট ঘুরে প্রতিমন্ত্রী জানান, পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা দিতে মেডিকেল টিম প্রস্তুত। ইতোমধ্যে কয়েকটি পশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ আনুষ্ঠানিক বেচাকেনা শুরু
আজ রোববার থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর দুই সিটি করপোরেশনের ২৩টি অস্থায়ী পশুর হাট বসা শুরু করবে। পাঁচ দিনের জন্য হাটগুলো বসবে। ইতোমধ্যে ইজারাদাররা এসব হাটে পশু আমদানি করে আগেভাগেই হাট বসিয়ে ফেলেছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

যেসব স্থানে বসবে হাট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পার, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব, রহমতগঞ্জ ক্লাব, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, আফতাবনগর (ব্লক ই, এফ, জি, এইচ এবং সেকশন ১ ও ২), শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপ, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্প পর্যন্ত রাস্তার অব্যবহৃত অংশ, দয়াগঞ্জ রেলক্রসিং থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তা, মোস্তমাঝি মোড়-সংলগ্ন বনশ্রী হাউজিং, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশ এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) গাবতলী স্থায়ী হাট ছাড়াও বসবে ১২টি অস্থায়ী হাট। এগুলো হলো– খিলক্ষেত বাজার-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে, মিরপুর সেকশন ৬ (ইস্টার্ন হাউজিং), মিরপুর কালশী বালুর মাঠ (১৬ বিঘা), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মেরুল বাড্ডা কাঁচাবাজার, পূর্ব হাজীপাড়া ইকরা মাদ্রাসার পাশ, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা, উত্তরা দিয়াবাড়ী (১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার), ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা স্লুইসগেট পর্যন্ত, কাঁচকুড়া বাজার-সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকা, মস্তুল চেকপোস্টের পশ্চিম পাড়া এবং ভাটারা সুতিভোলা খাল এলাকা। সমকাল




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD