শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন




৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:২০ am
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালায় আনিসো শহরের প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (আইজিপি) প্রধান হারনান্দো তাভেরা বলেন, ভূমিকম্পটির উৎপত্তি অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে তিনি বলেন, ‘আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তবে আইজিপি শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছিল।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বিশ্বের প্রায় ৮৫ শতাংশ ভূমিকম্পনজনিত কার্যকলাপ এই অঞ্চলে ঘটে।

তথ্যসূত্র: ইউএসএ টুডে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD