বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন




বুয়েটের ভর্তি পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৯:৪১ pm
Bangladesh University of Engineering and Technology BUET বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট
file pic

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে পারে মার্চের প্রথম সপ্তাহে। আগামী ২ মার্চকে সম্ভাব্য তারিখ ধরে এগোচ্ছে দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ এ বিদ্যাপিঠ। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখতে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে। এ সপ্তাহের শেষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় তারিখ চূড়ান্ত করা হতে পারে।

বুয়েটের ভর্তি কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, ‘চূড়ান্ত তারিখ এখনো ঠিক হয়নি। আলোচনা হয়েছে মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে। এ সিদ্ধান্ত এখনো সেভাবে ম্যাচিউর (চূড়ান্ত) নয়।’

ভর্তি কমিটির ওই সদস্য বলেন, ‘তারিখ চূড়ান্ত করতে আমাদের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ঘোষিত সময়সূচির দিকেও নজর রাখতে হচ্ছে। যাতে একই সময়ে আমাদের পরীক্ষাটা না পড়ে যায়। এ সপ্তাহের শেষ দিকে আরেকটি সভা আছে। সেটা হয়তো ২৬ বা ২৭ ডিসেম্বর হতে পারে। সেদিন চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে। সেটা আমরা তখন বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানিয়ে দেবো।’

বুয়েট সূত্রে জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নম্বর কাটা) থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।

এদিকে, সর্বশেষ শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট এক হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন ছিল। এবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে ঠিক কত আসনে ভর্তি নেওয়া হবে, তা জানা যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD