অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে প্রথমবারের মতো চালু হয়েছে পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) নামে একটি সমীক্ষাভিত্তিক সূচক। সূচক অনুযায়ী চলতি বছরের মার্চের তুলনায় এপ্রিলে অর্থনীতির সার্বিক গতি কিছুটা কমেছে। তবে বছরের প্রথম দিকের তুলনায় এপ্রিলের পরিস্থিতি ভালো।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম পিএমআই প্রকাশ করা হয়। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট কার্যালয়ের (এফসিডিও) সহায়তায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে এ সূচক প্রকাশ করেছে।
সূচকের বিস্তারিত তুলে ধরে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ বলেন, বিনিয়োগ সিদ্ধান্তের জন্য বিশ্বের বহু দেশে পিএমআই সূচক ব্যবহার করা হয়। মার্চে পিএমআই স্কোর ছিল ৬৪ দশমিক ৩। এপ্রিলে ২ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমে ৬২ দশমিক ২ হয়েছে। মূলত কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের কোম্পানির নীতিনির্ধারক পর্যায়ের নির্বাহীদের মতামতের ভিত্তিতে এ সূচক তৈরি করা হয়। এর মাধ্যমে বাজার বাস্তবতা ও অর্থনীতি সম্প্রসারণ, সংকোচনসহ নানা বিষয় উঠে আসে। কৃষি খাতের ৪৬টি, নির্মাণ খাতের ৯২টি, উৎপাদন খাতের ৫০টি ও সেবা খাতের ২১২টি প্রতিষ্ঠান থেকে তাদের নতুন ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান, পণ্য মজুত ও সরবরাহ, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি তথ্য নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কৃষি ও উৎপাদন খাতে মার্চের চেয়ে এপ্রিলে পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। কৃষিতে মার্চে পিএমআই স্কোর ছিল ৫৫ দশমিক ৭, যা এপ্রিলে বেড়ে হয় ৬০ দশমিক ৯। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে স্কোর মার্চের ৬৮ দশমিক ৪ থেকে বেড়ে এপ্রিলে ৭৪ দশমিক ৫ হয়েছে। অন্যদিকে একই সময়ে নির্মাণ ও সেবা খাতের গতি কিছুটা দুর্বল হয়েছে। নির্মাণ খাতের স্কোর মার্চের ৬৭ দশমিক ৭ থেকে কমে হয়েছে ৬৩ দশমিক ৮ এবং সেবা খাতে সূচক মার্চের ৬৩ দশমিক ৬ থেকে কমে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২। নির্মাণ ও সেবা খাতের সূচক কমার কারণে ব্যবসার সার্বিক গতিশীলতা কিছুটা মন্থর রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান বলেন, পিএমআই তৈরির উদ্যোগটি অবশ্যই ভালো। এটি বিনিয়োগে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। তবে তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল বলেন, বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের পর কিছুটা চ্যালেঞ্জে পড়তে হবে। তবে সম্ভাবনাও রয়েছে অনেক। এমসিসিআইর সভাপতি কামরান টি রহমান বলেন, অর্থনীতির গতিপ্রকৃতি বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ সূচক। এর ভিত্তিতে সরকারি-বেসরকারি পর্যায়ে নীতি নির্ধারণ সহজ হবে।
সূচকটি শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হবে। পিএমআইর স্কোর ৫০-এর কম হলে অর্থনীতির সংকোচন এবং ৫০-এর বেশি হলে সম্প্রসারণ বোঝাবে। আর সূচক ৫০-এ থাকলে বুঝতে হবে কোনো পরিবর্তন হয়নি।